Header AD
Trending

৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে শ্রদ্ধা ও বীর বিপ্লবীদের স্মরণ মুখ্যমন্ত্রীর

শুক্রবার ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস । ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসী তথা সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার বীর বিপ্লবীদের অবদান মনে করিয়ে দিলেন তিনি নিজের পোস্টের মাধ্যমে। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন , ”ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে আন্তরিক শুভনন্দন জানাই। এবারেও আমরা মধ্যরাতে স্বাধীনতা পালন করব। প্রতিবারই আমরা এটা করি। স্মরণ করি আমাদের পূর্বপুরুষদের যাঁদের কঠিন সংগ্রাম, আত্মত্যাগ এই স্বাধীন দেশের জন্ম দিয়েছিল। এই স্বাধীনতা আন্দোলনের পুরোভাগে ছিলেন বাংলার বিপ্লবীরা। তাঁরাই গিয়েছিলেন ফাঁসির মঞ্চে, আন্দামানের কারাগারে। আমাদের দুর্ভাগ্য, আজ সেই বাংলা আর বাঙালিকেই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্বেষের স্বীকার হতে হচ্ছে।”এরপরেই এই বিশেষ দিনে ভোটার তালিকা সংশোধনের নামে জনগণকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টায় কেন্দ্রের ভূমিকাকে নিশানা করে তিনি লেখেন,”শুধু তাই নয়, দেশভাগে কষ্ট পাওয়া বাংলার মানুষের ওপর আবার এখন নানান অছিলায় আক্রমণ নেমে আসছে, ভোটার তালিকা সংশোধনের নামে তাদের সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। এই আবহে এই স্বাধীনতা দিবসের গুরুত্ব এক নতুন মাত্রা পেয়েছে। আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলি যারা আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চায়। প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। দেশের স্বাধীনতা আনতে গিয়ে যাঁরা জীবনদান করেছেন, তাঁদের প্রণাম করি। দেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদেরও কুর্নিশ করি। জয় হিন্দ! বন্দেমাতরম্! জয় বাংলা!”

প্রসঙ্গত,নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত সস্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই বছরের স্বাধীনতা দিবসের থিম “নয়া ভারত”। এই দিন দেশের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করা নয়, এবং ভবিষ্যতের পথকেও আরও মজবুত করার অঙ্গীকার নেওয়া হয়।