Header AD

‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া, দু’দিনেই জমা পড়ল তিন হাজার আবেদন!

কর্মসংস্থানহীন হয়ে রাজ্যে ফিরেছেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ‘শ্রমশ্রী’ প্রকল্প। নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর পর মাত্র দু’দিনেই মিলল বিপুল সাড়া। শ্রম দফতর সূত্রে খবর, সোমবার বিকেল থেকে অ্যাপ চালুর পর মঙ্গলবার রাত পর্যন্ত তিন হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।রাজ্যের শ্রমমন্ত্রী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই শ্রমিকদের উৎসাহের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। দফতরের তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের নথি যাচাই করে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে জোর দেওয়া হয়েছে জেলা স্তরে নথি যাচাইয়ের উপর।প্রকল্প অনুযায়ী, রাজ্যে ফেরা শ্রমিকরা আবেদন করলেই এককালীন ৫,০০০ টাকা পাবেন। এরপর বিকল্প কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত এক বছর মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, শ্রমিকদের সন্তানদের পড়াশোনার খরচের জন্যও আলাদা বরাদ্দ রাখা হয়েছে। তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্তদেরই সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই শ্রম দফতরে বৈঠক হয়েছে। জেলা পর্যায়ে নথি সংগ্রহ ও যাচাই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের এক শীর্ষ কর্তার কথায়, “আমাদের চারপাশেই কর্মসংস্থানের সংকট প্রকট। এই পরিস্থিতিতে এই প্রকল্প শ্রমজীবী মানুষকে আস্থা ও স্বস্তি দেবে।”অর্থ দফতর জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যোগ্য শ্রমিকদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুজোর আগেই প্রকল্পের প্রাথমিক পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছে নবান্ন।