Header AD

বাগদানের পর ঠাকুমার জন্মদিনেই প্রকাশ্যে এলেন অর্জুন-সানিয়া

চলতি মাসে সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্দান হয়েছে শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুনের। বাগ্দানের ছবি প্রকাশ্যে এলেও তার পরে আর একসঙ্গে দেখা যাচ্ছিল না দু’জনকে। অবশেষে ঠাকুমার জন্মদিনে একসঙ্গে দেখা মিলল তাঁদের। শুক্রবার মায়ের জন্মদিন পালনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন শচীন। সেখানে দেখা যাচ্ছে, শচীনের মা রজনী। ছবিতে সচিনের স্ত্রী অঞ্জলি, কন্যা সারা ও পুত্র অর্জুনকে দেখা যায়। সেখানে ছিলেন সানিয়াও।অর্জুনের হবু বউ সানিয়া ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। খাবার এবং হোটেলের পারিবারিক ব্যবসা রয়েছে তাঁদের। এ ছাড়া দু’টি নামী আইসক্রিম সংস্থার মালিক ঘাই পরিবার। সানিয়া অবশ্য পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত নন। তিনি পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০-তে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া পশুপ্রেমী। পোষ্যদের যত্ন নিতে ‘মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। পুত্রের বাগ্‌দানের পর অবশ্য কোনও পোস্ট করেননি শ্চীন। তাই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা মিটিয়েছেন মাস্টার ব্লাস্টার নিজেই। গত সোমবার নেটমাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ (যা খুশি জিজ্ঞাসা কর) পর্বের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই এক ভক্ত অর্জুন-সানিয়ার বাগ্‌দানের সত্যতা নিয়ে প্রশ্ন করেন। শচীন উত্তর দেন, “হ্যাঁ, ওর বাগ্‌দান হয়েছে। ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমরা সকলেই উত্তেজিত।” এই একটি উত্তরেই স্পষ্ট হয়ে যায় যে পুত্রের বাগ্‌দান হয়ে গিয়েছে। এরপর দুজনকে একফ্রেমে দেখতে পেয়ে খুশি ভক্তের দল।