
সেপ্টেম্বরে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই শিয়ালদহ ডিভিশনে দুটি শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন।বিগত একমাস ধরে পূর্ব রেলে রানাঘাট-শিয়ালদহ শাখায় এসি লোকাল চলছে। সাধারণ নিত্যযাত্রীরা এই পরিষেবায় খুশি হয়েছিলেন । আর এবার পুজোর আগে পূর্ব রেলের তরফে জানানো এই সংবাদে যাত্রীদের সুবিধা হবে বলে আশা করছে রেলদপ্তর।
যে যে রুটগুলিতে এসি লোকাল চালানোর কথা ভেবেছে পূর্বরেল সেগুলি হল – শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন । সোমবার এই সম্পর্কে সাংবাদিক বৈঠক করে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, শিয়ালদহ-বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে ও বনগাঁ থেকে সেই ট্রেন আবার রানাঘাট যাবে। শিয়ালদহ থেকে যাত্রার পর এই ট্রেন প্রথম থামবে বিধাননগর ও দমদম স্টেশনে তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে।অপরদিকে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে এবং তারপর বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট স্টেশনে থামবে। নতুন পরিষেবায় যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে- আশাবাদী ডিআরএম ।
ইতিমধ্যেই শিয়ালদহ থেকে বনগাঁ এসি লোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। এবং মধ্যমগ্রাম ও বারাসত ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ১০৫ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকছে ১২০ টাকা। শিয়ালদহ- কৃষ্ণনগর এসি লোকালের স্টেশনের ভাড়ার তালিকাও নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের যাত্রীপিছু ভাড়া ৪০ টাকা। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা। শ্যামনগর ৮৫ টাকা, নৈহাটি ৯০ টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী ৯৫ টাকা, চাকদহ ১০৫ ও রানাঘাট ১২০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া ১৪০ টাকা।





