Header AD

বিধানসভা ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ৪ পদ্ম বিধায়ক, সতর্ক করেই ছাড়া হল তাঁদের  

গত ২৩ জুন  বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে তীব্র অশান্তি হয়। বিতর্কের মাঝেই গ্যালারি ও চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি’র চার বিধায়কদের বিরুদ্ধে। শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সেদিন বিধানসভায় ভাঙচুর চালান বিজেপি বিধায়করা। এই ঘটনায় দোষী সাব্যস্ত হলেও আপাতত শাস্তি এড়ালেন তাঁরা। বিধানসভার প্রধান সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে সদ্য জমা পড়া রিপোর্টে শুধু ওই চারজনই নয়, মোট ১০  বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শাস্তি না দেওয়া নিয়ে বিরোধী শিবিরের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির একাংশের দাবি, “তৃণমূল ইচ্ছাকৃত ভাবে বিজেপি বিধায়কদের দোষী সাব্যস্ত করেছে।” অন্যদিকে শাসকদল তৃণমূলের বক্তব্য, “যা ঘটেছে, তা নজিরবিহীন ও নিন্দনীয়। অধ্যক্ষ উদারতা দেখিয়েছেন।”

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনাটি দুঃখজনক। বিধানসভা গণতন্ত্রের মন্দির, এখানে ভাঙচুর কাম্য নয়। তবে আপাতত আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না। ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছে।”