তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । সোমবার বেলা এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে পুলিশের সাহায্যে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক নিজেই৷ কিন্তু শেষ রক্ষা হয়নি। বিকেল তিনটে নাগাদ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে মৃত্যু হয় ওই আহত যুবকের৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ তাজউদ্দিন।তিনি কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা ছিলেন। লেদার কমপ্লেক্সে কর্মরত ছিলেন। এদিন কাজে যোগ দিতে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্স সিটির দিকে যাচ্ছিল বিধায়কের কনভয়। সামনের পুলিশ গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি ছিটকে পড়ে। পরে পুলিশ গাড়িটি রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতেও ধাক্কা মারে। দুর্ঘটনার পরই আহতকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন শওকত মোল্লা। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কনভয়ের গাড়িটি আপাতত বাজেয়াপ্ত করেছে পুলিশ।





