Header AD

মেট্রো বিভ্রাটের জের! গড়িয়া-টালিগঞ্জ রুটে ৭ গুণ বাড়ল অটো ভাড়া, নাকাল যাত্রীরা

সোমবার সাত সকালে মেট্রো বিভ্রাট! ফলে ২ ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রোর আংশিক পরিষেবা মিলছে। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। একই সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন তার ওপর শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে না মেট্রো। এই সুযোগে অটোর ভাড়া বাড়ল প্রায় সাত গুণ।

সোমবার সকালে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জগামী প্রতিটি বাসে দেখা গিয়েছে প্রবল ভিড়। বাদুড় ঝোলা অবস্থায় কোনওরকমে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছতে চাইছেন যাত্রীরা। এর মধ্যে অনলাইনে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছিলেন অ্যাপ-ক্যাব চালকরাও। পোয়া বারো অটো চালকদেরও। অসহায় যাত্রীদের দেখে মর্জি মাফিক ভাড়া হাঁকাচ্ছেন তাঁরা। যেখানে গড়িয়া থেকে টালিগঞ্জ রুটের অটো ভাড়া ২০ টাকা, সেখান এই রুটের যাত্রীদের থেকে ছয়-সাত গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে কিছু অটো চালকের বিরুদ্ধে। অভিযোগ এসেছে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারেরও। কোনও কোনও অটো চালক যাত্রীদের কাছে থেকে ১০০ টাকা, আবার কেউ কেউ ১৫০ টাকাও পর্যন্ত ভাড়া চাইছেন।

এদিন সকাল ৯টার আগে কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যায়। ফলে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা সচল থাকলেও উল্টো পথে তা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে দক্ষিণেশ্বরগামী মেট্রো। তৈরি হয় বিশৃঙ্খলা।