প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুজোর আগে রাজ্য সফরে আসছেন বলে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। আগামী সপ্তাহে কলকাতায় আসছেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে শহরে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও অজিত ডোভাল। একইদিনে এই তিন জনের কলকাতায় উপস্থিত থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাতে সন্দেহ নেই। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তাঁরা
প্রতিবেশী বাংলাদেশ এখনও পুরো শান্ত হয়নি। মাঝেমধ্যেই সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির খবর আসছে। সোমবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। কাঠমান্ডুতে বিক্ষোভ সামলাতে সেনা নামাতে হয়েছে। এসসিও সম্মেলনে চিন-ভারতের বৈঠকের পর চিন সীমান্তে অনেকটা স্থিতি ফিরলেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান। তাতে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একযোগে কলকাতায় আগমন। সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তাঁরা। ওইদিন প্রধানমন্ত্রী কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই আপাতত খবর।





