Header AD

বুধবার পুজো প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন নগরপাল

পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন। কোন পুজো কমিটি কী চমক দেবে তা নিয়ে আগ্রহ, জল্পনা বাড়ছে দর্শকদের। প্যান্ডেলের রূপসজ্জা প্রায় শেষের দিকে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন। এই মর্মে কাল, বুধবার সন্ধ্যা ৬টায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পুজো প্রস্তুতি নিয়ে পুজো উদ্যোক্তাদের লালবাজারে বৈঠকে ডাকলেন নগরপাল। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রায় ১৫০০ পুজো উদ্যোক্তা। এছাড়াও উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার আধিকারিক, সিইএসসি, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-সহ প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

পুলিশের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, উদ্যোক্তাদের সমস্যা এড়াতে চলতি বছর অনলাইন পারমিট প্রক্রিয়ার সরলিকরণ করা হয়েছে। আদালতের নির্দেশিকা ও প্রশাসনিক নিয়ম না মানা হলে কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না প্রশাসন। বিগত বেশ কয়েক বছরের দুর্গাপুজোর ট্রেন্ড বলছে, শহরের বিভিন্ন পুজো মণ্ডপে সকালের দিকে দর্শনার্থীদের ভিড় থাকে। কিন্তু সেই সময় পুলিশের উপস্থিতি সেই পরিমাণে থাকে না। পরিস্থিতি সামলাতে  সমস্যায় পড়েন উদ্যোক্তারা। এই সমস্যার সমাধান চেয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে ভোরের দিকেও মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার অনুরোধ রাখবে বেশ কয়েকটি পুজো কমিটি। হাইকোর্টের নির্দেশিকা, অনলাইন পারমিট ব্যবস্থা, প্যান্ডেল নির্মাণের বিধিনিষেধ, চাঁদা আদায়ের নিয়ম, বিসর্জন ও ট্র্যাফিক ব্যবস্থা নিয়েও বুধের বৈঠকে আলোচনা হতে চলেছে বলে খবর।