Header AD

পুজোর আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

পুজোর আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলবার ফের উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ মানুষের হাতে একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি চা-বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিভিন্ন চা-বাগানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সম্পন্ন। উচ্ছ্বাস শ্রমিক মহলে। সোমবার শোনগাছি, নাকটি ও বাটাইগোল চা-বাগানে পৃথক পৃথকভাবে সভা করে পাট্টা প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গিয়েছে, ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ৮ জন শ্রমিককে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে পাট্টা প্রদান করবেন। এছাড়াও প্রশাসনিক বৈঠক, জেলার উন্নয়ন নিয়ে আলোচনাসভা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। বিশেষ করে ভুটান পাহাড় থেকে বর্ষার জলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায় যে সমস্যার সৃষ্টি হয়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। বৃষ্টি-পরিস্থিতির দিকটিও মুখ্যমন্ত্রীর সফরের সূচি নির্ধারণে গুরুত্ব পেয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি ও আশপাশের জেলাগুলির মানুষ মুখিয়ে রয়েছেন তাঁর বক্তব্য শোনার জন্য। প্রশাসনিক ও দলীয় স্তরে চলছে প্রস্তুতি। পুজোর মুখে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। জেলার নিরাপত্তাও জোরদার করা হয়েছে।