Header AD

পূর্ব কলকাতার অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু! খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা? তদন্তে পুলিশ

পূর্ব কলকাতার আনন্দপুরের এক অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু! আবাসনের ১৯ তলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন বলে খবর! মঙ্গলবার ভোরে বহুতল ওই আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অত উঁচু থেকে পড়ে যাওয়ার জেরে মাথার খুলি ফেটে গিয়েছিল তাঁর। গভীর আঘাতের চিহ্ন মিলেছে ডান উরুতেও। কিন্তু এটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল। বয়স ৪২ বছর। দুই মেয়ে ও স্বামীকে নিয়ে বাইপাসের ধারের ওই বিলাসবহুল আবাসনে থাকতেন তিনি। মঙ্গলবার ভোরে ওই আবাসনের সামনে থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন মহিলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের দাবি, সঞ্চিতা দেবী সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে বিশেষ মিশতেন না। সম্ভবত সেই কারণেই তিনি বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।