চলতি বছরে অনেকটা এগিয়ে এসেছে দুর্গাপুজো। ইতিমধ্যে পুজো মণ্ডপগুলিতে জোরকদমে চলছে প্রস্তুতি। এই আবহে প্রতিবছরের মতো এবারও কলকাতার নামী পুজোগুলিতে যাতে কোনরকম গোলযোগ তৈরি না হয় সেই জন্য প্রস্তুতিপর্ব খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকেই পুজোপ্রস্তুতি পরিদর্শনে বের হয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পরিদর্শকদের দলে রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মীরাজ খালিদ।
পুজোর সময় শহরের রাস্তায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এইসময় দর্শণার্থীদের যাতে কোনরকম যান্ত্রিক ও প্রশাসনিক সমস্যার মধ্যে না পড়তে হয় সেই জন্য পুলিশের তরফে এই পদক্ষেপ। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত মোট ১২টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনের প্রথমেই বেহালা নূতন দলের পুজোমণ্ডপে যান পুলিশকর্তারা। তালিকায় রয়েছে চেতলা অগ্রণী , সুরুচি সঙ্ঘ, নাকতলা উদয়ন সঙ্ঘ, বোসপুকুর শীতলামন্দির সহ একাধিক পুজো। এখন শুধু দেখার অপেক্ষা যে পুজো কমিটি গুলি ঠিক কতটা সতর্কতা অবলম্বন করে।





