২০১১ সাল পরবর্তী আজীবন সাজাপ্রাপ্ত কারাবাস বন্দিদের যাদের ১৪ বছর ইতিমধ্যেই পেরিয়েছে তাদের মধ্যে থেকে ৮৪০ জন বন্দিকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। এবার আরও ৪৫ জন বন্দিকে আইনের পথে মুক্তি দেয়া হচ্ছে। এক টুইট বার্তায় বন্দি ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, আমি জেনেছি বন্দি জীবনে এদের আচরণ ভালো ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের আসল কাজ হল অপরাধীদের মানসিকতা পাল্টে দিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী আরও লেখেন, এই মুক্তিপ্রাপ্ত বন্দিরা তাদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।





