Header AD
Trending

একাধিক জেলায় সংগঠন ঢেলে সাজাল তৃণমূল

পুজোর আগেই ব্যাপক সাংগঠনিক রদবদল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার হাওড়া গ্রামীণ, হুগলির শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুর সংগঠন ঢেলে সাজানো হল। যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনে ব্লক ও টাউন স্তরে নতুন প্রেসিডেন্টদের বেছে নেওয়া হল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সেকথা জানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। হাওড়া গ্রামীণের মোট ৮ টি টাউন ও ব্লকস্তরে রদবদল হয়েছে। ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সংগঠনের আমূল বদলের পথে হেঁটেছে রাজ্যের শাসকদল। সেই কাজ সাফল্যের সঙ্গে করার লক্ষ্যে প্রতিটি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই স্পষ্ট জানিয়েছিলেন, পারফরম্যান্স, গ্রহণযোগ্যতার ভিত্তিতেই নেতাদের পদে আনা হবে। সেক্ষেত্রে ‘কাজের লোক’ই অগ্রাধিকার পাবেন। এবং এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তা সবাইকে মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে জয়ের লক্ষ্যে। টার্গেট একটাই। একুশের চেয়ে আরও বেশি আসনে দলকে জয়যুক্ত করা। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে হাওড়া গ্রামীণ, হুগলির শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, বহরমপুরে যুব, মহিলা, শ্রমিক ও মূল সংগঠনে ব্লক ও টাউন স্তরে রদবদলের কথা জানানো হয়। কারা নতুন দায়িত্ব পেয়েছেন, সেই তালিকাও পোস্ট করা হয়েছে। পুজোর পরপর নতুন কমিটি ঘোষণা করে নির্বাচনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল, তেমন ইঙ্গিত ছিল। কিন্তু উৎসবের জন্য কাজে কোথাও বিলম্ব নয়, এই নীতিতেই বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই পুজোর আগেই কয়েকটি সাংগঠনিক জেলায় নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল।