Header AD

দুর্যোগের জেরে বুধবার থেকেই ছুটি পড়ল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে

প্রবল দুর্যোগের জেরে মুখ্যমন্ত্রীর উপদেশ মেনে আগাম ছুটি পড়ল রাজ্যের সমস্ত সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজগুলিতে। এক সংবাদমাধ্যমকে টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, “আমি শিক্ষা দপ্তরকে বলেছি মঙ্গলবার থেকে সমস্ত স্কুলগুলো ছুটি ঘোষণা করে দিক আর অন্যান্য স্কুল যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন তারা তো আমাদের কথা শোনে না। তবুও আমি তাদের কাছে অনুরোধ করেছি যে দুদিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয় তাহলে যেন অনলাইনে ক্লাস হয় কোভিডের সময় যেমন হচ্ছিল “।
সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিকে অন্তত দুদিন ছুটি দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে ছুটির ঘোষণা করেন। তিনি লেখেন, “এক অভূতপূর্ব দুর্যোগের সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানবন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকে যেন নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে তাই কার্যত বুধবার থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইল এই দুর্যোগে নিহত সহ নাগরিকদের পরিবারগুলির প্রতি।“ তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারি সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘোষণা করা হলেও উত্তরবঙ্গের স্কুলগুলিকে এই তালিকায় রাখা হয়নি।