পুরুলিয়ায় চতুর্থীর রাতে মা সহ তিন মেয়ের রহস্যজনক মৃত্যু ।ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের লতাপাড়ায় । মৃতদের নাম পিয়া গড়াই (৩০), বৈশাখী গড়াই (১৩), পল্লবী গড়াই (১০), সৌরভি গড়াই (৬)। মৃত পিয়া তাঁর ৩ সন্তানকে নিয়ে একাই ছিলেন বৃহস্পতিবার পুরুলিয়ার বান্দোয়ানের বাড়িতে । পিয়ার স্বামী আনন্দ গড়াই বেশ কয়েকটি কাজ নিয়ে ঝাড়খন্ডের হাটে যান। বাড়ি ফিরে এসে স্ত্রী ও তিন মেয়েকে অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে থাকতে দেখেন তিনি । সঙ্গে সঙ্গে তাদেরকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতার স্বামী আনন্দ গড়াইয়ের বাবা রঘুনাথ গড়াই এর কথায়, “রাত ৮ টা নাগাদ রাতের খাবারের কথা বলে বউমা। শরীর ভালো না থাকায় আমি খাইনি। ছেলে ১০ টার পর ফিরলে দরজা খুলে দিই। ওরা ঘরে ছিল। তখন বউমার ঘরের আলো জ্বলছিল। দরজা খুলে ঘরে ঢুকে দেখা যায় সকলের শরীর ফ্যাকাসে হয়ে গিয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর ,পুরুলিয়ার বান্দোয়ান থানার লতাপাড়া গ্রামের বাসিন্দা আনন্দ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে সবজি বিক্রির কাজ করেন। একই পরিবারের চারজনের কীভাবে একসঙ্গে মৃত্যু ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।





