Header AD
Trending

ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বিজয়া সম্মিলনীতেই রাজ্যজুড়ে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল

TMC split

বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। নষ্ট করার মতো সময় হাতে নেই। সেটা মাথায় রেখেই জনসংযোগ আরও জোরদার করতে বিজয়া সম্মিলনী থেকেই মেগা কর্মসূচি নিল শাসকদল তৃণমূল কংগ্রেস। আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু এই কর্মসূচি। রাজ্যের প্রতিটি ব্লকে হবে বিজয়া সম্মিলনী। বক্তাদের তালিকায় থাকবেন ৫০জনেরও বেশি নেতা। তৃণমূল সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির কথা জানিয়েছেন। সেই মতো দলের কিছু সাংসদ, বিধায়ক, মন্ত্রী, ছাত্রনেতা রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁরা বিভিন্ন প্রান্তে যাবেন। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে।
প্রসঙ্গত, পুজোর আগে পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। সেখানেও জনসংযোগ গুরুত্ব পেয়েছিল। যে সব জায়গায় তৃণমূলের সংগঠন তুলনামূলক দুর্বল সেখানে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, সেই নির্দেশেরই বর্ধিত সংস্করণ এই বিজয়া সম্মিলনীর কর্মসূচী। এমনিতেই মানুষের সুবিধার্থে নানা প্রকল্প দুয়ারে পৌঁছে দিয়েছে সরকার। মানুষের দুয়ারে পৌঁছতে এই সুযোগও হাতছাড়া করতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। বিজয় সম্মেলনীর অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা, বাঙালি অস্মিতার উপর আঘাত, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের কথা আবারও আমজনতার সামনে তুলে ধরবে শাসকদল। নির্বাচনের আগে রাজ্যজুড়ে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মিলনী তৃণমূলের নতুন হাতিয়ার বলেই মত রাজনৈতিক মহলের।