উচ্চ প্রাথমিক নিয়োগের প্রস্তুতি শুরু করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)। ২০১৬ সালের ১ হাজার ২৪১ জনের নিয়োগ যা বাকি ছিল এখনও পর্যন্ত, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ পাওয়া মাত্রই তাঁদের নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। নিয়োগের দিনক্ষণ নিয়ে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে এসএসসি তরফে, এমনটাই সূত্রের খবর। এর আগে ৮ বার এসএসসির তরফে ১২ হাজার ৭৩২ জনের কাউন্সেলিং সম্পন্ন করা হয়। প্রথমবার ৮ হাজার ৭৪৯ জন, দ্বিতীয় বার ২ হাজার ৫৯৫ জন ,তৃতীয়বার ৭২৪ জন, চতুর্থ বার ২৬১জন, পঞ্চম বার ১৫৩ জন, ষষ্ঠ বার ৭২৭ জন, সপ্তম বার ১২১ জন, ও অষ্টম বার ৪৮ জন। এর মধ্যে ৯ হাজার ৭০০ জনের নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক স্তরে। শিক্ষা দপ্তরের কাছে ১ হাজার ২৪১টি শূন্য পদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে এসএসসি। এছাড়াও স্কুল জেলা পরিদর্শকদের কাছে তথ্যাবলী চেয়েছে শিক্ষা দপ্তর। পুজোর ছুটির পর সেই তথ্য এসএসসির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর।





