সোনা পাচার রুখল বিএসএফ (BSF)। সোমবার বিকেলে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি থানার চরভদ্রা সীমান্তের ঘটনা। উদ্ধার করা হয়েছে আটটি সোনার বিস্কুট। যার ওজন প্রায় ৮৩২.৫৫০ গ্রাম এবং আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১.০৯ কোটি টাকা। সুত্রের খবর, সোনার বিস্কুটটি লাল কাপড় মোড়া অবস্থায় উদ্ধার করা হয় মাটির নীচ থেকে। গোয়েন্দা সূত্র মারফৎ তথ্য পেয়ে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিল বিএসএফ (BSF)। সোমবার বিকেল নাগাদ টহলদারির সময় চরভদ্রা সীমান্ত ফাঁড়ির কাছে একটি জমিতে অস্বাভাবিকভাবে ঘাস জমে থাকতে দেখেছিলেন জওয়ানরা। তড়িঘরি শুরু হয় মাটির খনন। খানিকটা মাটি খুঁড়তেই লাল কাপড় জড়ানো সোনার বিস্কুট বেরিয়ে আসে।
বিএসএফ সূত্রে খবর,পাচারের জন্য সোনাগুলি সীমান্তপারের মাঠে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা সোনার বিস্কুটগুলি চরভদ্রা বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে আইনি কার্যকলাপ সমাপ্ত করে সেগুলি করিমপুর শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। সোনার বিস্কুট পাচারচক্রে জড়িত কারও নাম, পরিচয় এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ কর্মকর্তার কথায়, “আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক এবং জওয়ানদের তৎপরতায় এই বড় ধরনের সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। সীমান্তে যে কোনও ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে জওয়ানরা সদা প্রস্তুত। আমরা সাধারণ মানুষকেও অনুরোধ করছি, সীমান্তে যে কোনওরকম সন্দেহজনক কার্যকলাপ দেখলে তারা যেন বিএসএফকে জানাতে দ্বিধা না করেন।‘’ বিএসএফ দুটি হেল্পলাইন নম্বর ১৪৪১৯ এবং ৯৯০৩৪৭২২২৭ চালু করেছে। যারা খবর দেবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে বিএসএফ।





