মঙ্গলবার ভোররাতে গ্যাস লিক করে বেঙ্গালুরুতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হলেন বাংলার ৬ পরিযায়ী শ্রমিক। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে। খবর পেয়ে সেখানে রওনা হয়েছে আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।
সূত্রের খবর, একটি ঘরে তাঁরা একই সঙ্গে থাকতেন। সকলেই বেঙ্গালুরুর সারজাপুরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। মঙ্গলবার সকালে সেই ঘরে রান্নার গ্যাস লিক করে এবং তা থেকে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন সকলে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। অগ্নিদগ্ধ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করেন তাঁরাই। এই খবর পাওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। তাঁদের অনেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।





