Header AD
Trending

সুজিত বসুর বাড়ি-অফিস সহ কলকাতার একাধিক জায়গায় হানা ইডির, ‘বিন্দুমাত্র বিচলিত নই’ বললেন মন্ত্রী

sujit bose ED

শুক্রবার সকাল থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবার উঠেপড়ে লেগেছে ইডি (ED)। সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনসহ কলকাতার ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ভবনেই রয়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) অফিস। তাঁর দুটি বাড়ি অফিস-সহ কলকাতার একাধিক  ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। হানা দিয়েছে মন্ত্রীর রেস্তরাঁতেও। নজরে রয়েছে গোলাঘাটায় মন্ত্রীর ছেলের ধাবাও। এসবে সুজিত বসু অবশ্য বিচলিত নন বলেই জানিয়েছেন। তিনি বলেন, “ প্রত্যেকবার নির্বাচন আসার আগেই এই ধরনের তল্লাশি অভিযান চলে। দলের সক্রিয় সদস্যদের টার্গেট করে। আজ আমার অফিসে এসছে। এই রেইড নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। ওরা ওদের কাজ করুক। শুধু দুর্নীতি নিয়ে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। এলাকাবাসী আমার কথা জানেন। তাঁরাই আমার সার্টিফিকেট দেবেন।“

শুক্রবার সকাল থেকেই কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের নানা এলাকায় তল্লাশি অভিযানে নামে ইডি। সর্বত্রই সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ইডি সূত্রে খবর, নাগেরবাজার এলাকায় কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে। ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছিলেন তাঁরা। তল্লাশি চলেছে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানায়। বেলেঘাটায় এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা ছাড়াও ব্যাঙ্ক প্রতারণার একটি মামলার তদন্তেও এই  অভিযান হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করে সিবিআই। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। পরে এই মামলায় অবৈধ ভাবে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। গত বছর এই মামলায় প্রথম চার্জশিট দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে কী ভাবে টাকা লেনদেন হত, সেই চার্জশিটে তার হদিস দিয়েছিল তারা। পাশাপাশি, কীভাবে চাকরি পাওয়া যেত, তা-ও উল্লেখ করা হয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি এই সংক্রান্ত তদন্তে লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। ১৪ ঘণ্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে যান তদন্তকারীরা। সেবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকলমন্ত্রী বলেছিলেন, ‘‘যদি কাজের জন্য কেউ সুজিতকে এক টাকা দিয়ে থাকেন, তাহলে আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেবেন তিনি।’’এবার তাঁর অফিস, বাড়ি, রেস্তরাঁসহ একাধিক জায়গায় হানা দিলেন তদন্তকারীরা।