ফের বড়সরড় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার নাম করে তাঁর কালীঘাটের বাড়িতে এয়ারগান হাতে ঢুকে পড়লেন এক ব্যক্তি! তল্লাশির সময় তাঁর হাত থেকে উদ্ধার হয় একটি পিস্তল এবং বেশ কিছু গুলি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর নিরাপত্তারক্ষীরা আটকে দেন ওই ব্যক্তিরা। খবর পাঠানো হয় কালীঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, আটক ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় । ব্যাগ তল্লাশি করে পিস্তল , গুলি ছাড়াও পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। তাতে উল্লেখ রয়েছে, দেবাঞ্জন সল্টলেকের এক বেসরকারি স্কুলের কর্মী । কেন পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি তা জানতে চায় পুলিশ । বেশ কয়েকঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । দেবাঞ্জন দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। তাহলে হাতে কেন পিস্তল? এই প্রশ্ন উঠছেই। তখন ধৃত ব্যক্তি দাবি করেন তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। সূত্রের খবর বন্ধুকের লাইসেন্স দেখানোর পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। তবে এত বড় একটা ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালে। বিস্তারিত তদন্ত করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।





