প্রথমবার বিএসএফের এয়ার উইংসে মহিলা ইঞ্জিনিয়ার। ৫৬ বছরের বোর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ইতিহাসে এই প্রথম কোনও মহিলা নিযুক্ত হলেন। বিএসএফের ইতিহাসে যা আগে কখনও ঘটেনি। বিএসএফের বিমান শাখা বিভাগে সম্প্রতি মোট ৫ জন যোগ দিয়েছেন। সেখানেই নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী।
১৯৬৯ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রক বিমান চলাচল ইউনিট পরিচালনা করার দায়িত্ব দিয়েছে বিএসএফকে। বিএসএফই দেশের সমস্ত আধাসেনা, এনএসজি এবং এনডিআরএফের প্রয়োজনীয়তা পূরণ করে। এই ইউনিট গঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই বিভাগে কোনও মহিলাকে নিয়োগ করা হয়নি। বিএসএফের তরফে সম্প্রতি সোশাল মিডিয়ায় এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। এছাড়াও ভাবনার নিয়োগের বিভিন্ন ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভাবনার হাতে নিয়োগপত্র ও বিএসএফের ডিজি দিলজিৎ সিং চৌধুরী ফ্লাইং ব্যাচ পরিয়ে দিচ্ছেন ।
বিএসএফ সুত্রে খবর, নবনিযুক্ত এই ৫ জন বিএসএফের বিমান শাখায় দু’মাসের দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন । গত আগস্ট থেকে দু’মাসের এই প্রশিক্ষণে ১৩০ ঘন্টা কাজের অভিজ্ঞতাও রয়েছে এই ৫ জনের। এছাড়াও পাঞ্জাব ও অন্যান্য রাজ্যে বন্যা পরিস্থিতিতে এই বিভাগে কাজ করার বাস্তব অভিজ্ঞতাও রয়েছে তাঁদের।
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ডিসেম্বরে বিএসএফ গঠন করা হয় প্রায় ৩ লক্ষ কর্মীদের নিয়ে । পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফ ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে নানা দায়িত্ব পালন করেন তাঁরা। পাশাপাশি বর্তমানে বিএসএফের বিমানশাখা Mi 17 1V, Mi 17 V5, চিতা ও ধ্রুবের মতো হেলিকপ্টারও পরিচালনা করে। এছাড়াও ভিআইপিদের জন্য একটি ফিক্সড উইং এমব্রায়ার জেটও রয়েছে বিএসএফের।





