Header AD

নাগরাকাটায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে চাকরির নিয়োগপত্র প্রদান , নষ্ট নথি পুনরায় তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

গত সপ্তাহের পর রবিবারই ফের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারের পর সোমবার সকাল থেকেই শুরু করেছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পুনরায় ত্রাণ বিলির কাজ। এদিন নাগরাকাটার বামনডাঙ্গার রিলিফ ক্যাম্পে গিয়ে দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে স্পেশ্যাল হোমগার্ডের  চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। এদিন তিনি নিজে হাতেই বিলি করেন ত্রাণসামগ্রীও। আশ্বাস দিয়েছেন বাড়ি তৈরি করে দেওয়ার। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “দুর্যোগে যাদের যা কিছু নথি নষ্ট হয়েছে, তা পুনরায় তৈরি করে দেবে রাজ্য।“ তার জন্য ইতিমধ্যেই চালু হয়েছে ভ্রাম্যমাণ ক্যাম্প। বামনডাঙ্গার পর এদিন মুখ্যমন্ত্রী চলে যান টনডুর ত্রাণ শিবিরে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন “রিলিফের কাজ চলছে। ২৭ জন মৃতের পরিবারকে চাকরির নিয়োগপত্র দিয়েছি। যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে। আমি রিলিফ দিয়ে যাচ্ছি। যতদিন না বাড়ি হচ্ছে ততদিন ক্যাম্প চলবে। একটা ব্রিজ তৈরি হচ্ছে। যেটা তৈরি হতে কিছুটা সময় লাগবে।“

প্রসঙ্গত, বিপর্যয়ের  একদিন পরই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গ পৌঁছে যান তিনি। ওইদিনই হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি।