Header AD

দুর্নীতিকাণ্ডে লালু-রাবড়ি-তেজস্বীর বিরুদ্ধে চার্জগঠন! বিহারে আসন বণ্টনের জট ছাড়াতে বৈঠকে ইন্ডিয়া জোট

বিহারে দুই দফায় বিধানসভা নির্বাচন ৬ ও ১১ নভেম্বর। তার আগে আইআরসিটিসি দুর্নীতি মামলায় আরজেডি নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে চার্জগঠন করল আদালত। ষড়যন্ত্র ও ক্ষমতার অপব্যবহারের মতো নানা অভিযোগ উঠে এসেছে বর্ষীয়ান নেতার বিরুদ্ধে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন লালু।

সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন রাঁচী ও পুরীতে আইআরসিটিসি-র দু’টি হেরিটেজ হোটেলের টেন্ডার একটি বেসরকারি সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন লালু। পরিবর্তে সেই সংস্থার কাছ থেকে দু’একর জমি নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তা ছাড়া, লালুর পরিবারের বিরুদ্ধে গ্রুপ ডি-র চাকরি পাইয়ে দেওয়ার নামে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে ন্যূনতম দামে জমি কিনে নেওয়ার অভিযোগও ওঠে। ২০২২ সালে ওই মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেই মামলাতেই এ বার চার্জগঠন করল দিল্লির আদালত।

এদিকে বিহার বিধানসভায় আসনবণ্টন নিয়ে সমঝোতা সেরে ফেলেছে এনডিএ শরিকরা। ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি পাবে ২৯টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে ৬টি আসনে। একই সংখ্যক আসনে প্রার্থী দেবে হিন্দুস্তানি আওয়াম মোর্চাও। সোমবার আসন বণ্টন নিয়ে বৈঠকে বসল ইন্ডিয়া জোট। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে চলছে হাইপ্রোফাইল বৈঠকে রয়েছেন রাহুল গান্ধী এবং আরজেডি-র প্রতিনিধি তেজস্বী যাদব। জানা গিয়েছে, কংগ্রেস কমপক্ষে ৬০টি আসনের দাবি জানিয়েছে। যদিও আরজেডি এতগুলি আসন ছাড়তে রাজি নয়। রাজ্যের কংগ্রেস নেতারা অবশ্য বলছেন, ইতিমধ্যে আসন সমঝোতায় নরম হয়েছে রাহুল গান্ধীর দল। খাড়গের বাড়িতে কংগ্রেস এবং আরজেডির হাই কমান্ডের বৈঠকে কী রফা হয় সেটাই দেখার।