কলেজ সোশ্যালের অনুষ্ঠানে হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে(Burdwan Medical Hostel)। ঘটনায় দুই ছাত্রগোষ্ঠীর স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মেডিক্যাল কলেজ চত্বর। পরিস্থিতি সামাল কলেজে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। এদিনই কলেজে টিচার কাউন্সিলের মিটিং ছিল। কিন্তু সেখানে কোনও সিদ্ধান্ত না হওয়ায়, সমস্ত অভিযোগ স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বর্ধমান মেডিক্যাল কলেজের হাউসস্টাফ শুভ্রনীল ঘোষের অভিযোগ, “কলেজের বার্ষিক অনুষ্ঠান স্পন্দন-এ ৭ নং বয়েজ হস্টেল থেকে অবৈধভাবে মদ বিক্রি হয়েছিল। প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা দিই। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন কলেজে বৈঠক চলছিল। ফলাফল জানতেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছিলাম। আমাদের বের করে দেওয়ার চেষ্টা হয়। তার প্রতিবাদে ধর্না কর্মসূচী নেওয়া হয়।” তাঁদের দাবি, হস্টেলে মদ বিক্রিতে যুক্তরাই একসময় আরজি কর নিয়ে প্রতিবাদ জানিয়ে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার দাবি জানায়। তারাই হস্টেলে মদ বিক্রি করছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষা মৌসুমী বন্দোপাধ্যায় জানান, সমস্ত অভিযোগ নিয়ে টিচার্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হলেও সমাধান সূত্র না মেলায় স্বাস্থ্যভবনে অভিযোগ পাঠানো হবে।





