Header AD

মহাকাল মন্দিরের অনুকরণে শিলিগুড়িতে তৈরি হবে শিবমন্দির, দার্জিলিঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর

“দার্জিলিঙের মহাকাল মন্দিরের অনুকরণে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় তৈরি হবে নতুন আরও এক মহাকাল মন্দির। সব থেকে বড় শিবমুর্তি থাকবে সেখানে। শিলিগুড়িতে নতুন কনভেনশন সেন্টার তৈরি হবে তার পাশেই শিবমন্দির হবে। তার জন্য একটু সময় লাগবে।“ বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে দাঁড়িয়ে এই ঘোষণা করেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মন্দিরে পুজো দেন তিনি। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন। একইসঙ্গে কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে।

এদিন মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানেই মন্দির তৈরির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছি। রাজারহাটে তৈরি হবে দুর্গাঙ্গন। জমি দেখা হয়ে গিয়েছে। ট্রাস্ট তৈরি হয়েছে। এখন টেন্ডার ডাকা হয়েছে। আর একটা শিব মন্দির বানাব শিলিগুড়ির আশেপাশে। জায়গা দেখতে বলেছি।“  

প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিঙে করেছেন প্রশাসনিক বৈঠক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ। দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে পাহাড়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ইতিমধ্যেই অনেক পর্যটক পাহাড়ে আসতে শুরু করেছেন। অনেক পর্যটকের সঙ্গে আমার কথা হয়েছে। দুর্যোগের পর আমরা প্রায় ১৫০০ পর্যটককে পাহাড় থেকে নীচে নামানোর ব্যবস্থা করেছি। তিনধারিয়া আর পাঙ্খাবাড়ি দুটো রাস্তা এখন খোলা রয়েছে। এরপর রোহিনীর রাস্তা খুলে গেলে আরও পর্যটক আসবে।“