মোদির গুজরাটে বিজেপিশাসিত ডবল ইঞ্জিন সরকার ঘোর সঙ্কটে! মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রীসভার বাকি সমস্ত মন্ত্রী পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। ইতিমধ্যে সবকয়টি পদত্যাগপত্র গ্রহণও করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনীতিতে। নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন উঠছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গুজরাট মন্ত্রীসভায় রদবদলের কারণেই গণপদত্যাগ মন্ত্রীদের। এছাড়া মন্ত্রীসভা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। সূত্রের খবর, এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। অর্থাৎ দশ জন নতুন মন্ত্রী পাবে মোদি-শাহর রাজ্য। এই মুহূর্তে গুজরাটে একজনই মন্ত্রী অবশিষ্ট রয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, আজ রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে তিনিও পদত্যাগপত্র জমা দেবেন ।
জানা যাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হবে নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্র্রী ভূপেন্দ্র পটেলের ‘ভবিষ্যৎ’ ঘিরে প্রশ্ন উঠেছে। সেখানে কি মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র প্যাটেলই শপথ নেবেন? নাকি ভূপেন্দ্র প্যাটেলের বদলে অন্য কোনও মুখ আসবে? উত্তর এখনও মেলেনি। রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা।





