Header AD
Trending

নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করতে শহর জুড়ে অভিযান পুলিশের, চলছে ধরপাকড়

সামনেই কালীপুজো ও দীপাবলি। আলোর রোশনাই ছড়িয়ে পড়বে সর্বত্র। এরই মাঝে নিষিদ্ধ বাজি রুখতে কড়া পদক্ষেপ নিল পুলিশ। ইতিমধ্যেই কলকাতা এবং হাওড়াতে অভিযান চালিয়েছে পুলিশ। কলকাতার বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে বহু নিষিদ্ধ বাজি। গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতার বহুতল আবাসনের প্রতিনিধিদের সঙ্গে  বৈঠক করেছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশন। মূলত বহুতলের বাসিন্দাদের সচেতন করতেই এই বৈঠক।

ইতিমধ্যেই জোড়াবাগান থানা এলাকা থেকে সূর্য সিংহ নামের এক তরুণকে পাকড়াও করেছে পুলিশ। প্রায় ১০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর কাছ থেকে। তারাতলা থেকেও  গ্রেপ্তার হয়েছেন দু’জন। ২৯ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে তাঁদের কাছ থেকে। তারাতলার আরও এক জায়গা থেকে ৩০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১০৩ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে পর্ণশ্রীর একটি জায়গা থেকে। এছাড়াও ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২ হাজার ৩৯৯.৬ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট চার জনকে। ওই সময়ে কলকাতার বিভিন্ন থানায় বাজি নিয়ে ২১টি এফআইআর  দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার জগৎবল্লভপুরের বেআইনি বাজি তৈরির একাধিক গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। গোপন সূত্রে খবর পেয়ে  পতিহাল, বড়গাছিয়া, মুন্সিরহাট এলাকায় বেআইনি বাজি তৈরির একাধিক গোপন ডেরায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি এবং বাজি তৈরির মশলা-সহ একাধিক সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর এই অভিযান চলবে।