Header AD

ভূটানের জলে উত্তরবঙ্গে বন্যা! মুখ্যমন্ত্রীর দাবি অনুসারে খোঁজ নেবে বিদেশমন্ত্রক

“ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে এত বড় বিপত্তি! তাই এর ক্ষতিপূরণও ভুটানের দেওয়া উচিত।“ সোমবার বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ শিবির পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই দাবিকেই এবার মান্যতা দিল কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রীর দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে খোঁজ নেবে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন  রণধীর । সেখানেই ভুটানের জলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টির  বিষয়টি উত্থাপন করা হয়। বন্যা ও ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নের মুখে পড়ে বিজেপি শাসিত কেন্দ্রীয়  সরকারের বিদেশমন্ত্রকের মুখপাত্র  বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে হাইড্রোলজিক্যাল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। খোঁজ নিয়ে জানাব।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি… আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক ৷ দিল্লি তো কিছু করে না। সবটাই আমাদের করতে হয়। আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য জোর দিয়ে আসছি এবং আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গকে এর অংশ করা হোক।” বলা যায় সরাসরি রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছিল, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পিছনে অন্যতম কারণ ইন্দো-ভুটান নদী কমিশন তৈরি না হওয়া।