Header AD

IRCTC’র ওয়েবসাইটে গোলযোগ, টিকিট কাটতে নাকাল যাত্রীরা

সকাল সকাল IRCTC’র ওয়েবসাইটে গোলযোগ। পেজে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠছিল, ‘Service Unavailable’। স্বাভাবিকভাবেই শুক্রবার যারা তৎকাল টিকিট কাটার প্ল্যান করেছিলেন, তারা পড়েন মহা সমস্যায়। যদিও ওয়েবসাইট কতক্ষণে ঠিকঠাক কাজ করবে তা নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে কোনও তথ্য মেলেনি ।

সামনেই কালীপুজো-ছটপুজো। উৎসবের আবহে টানা ছুটি।  আর টানা ছুটি পেলে ঘুরতে যাবে না এমন বাঙালির সংখ্যা খুবই কম। কাজ থেকে ফুরসত মেলা মুশকিল হয়। আজকাল অনেকে তাই চেষ্টা করেন তৎকাল ব্যাবস্থায় টিকিট কাটতে। শুক্রবার সকালে টিকিট কাটতে গিয়েই হল বিপত্তি। দেখা যায়, খুলছেই না IRCTC’র ওয়েবসাইট, অ্যাপ। তৎকালে টিকিট কাটার জন্য নির্দিষ্ট সময় সীমা থাকে। সেই সময় অ্যাপ ও ওয়েবসাইট কোনটিই না খোলায় টিকিট কাটতে পারেননি কেউই। এরপর থেকেই  সমাজমাধ্যমে বহু মানুষ বিষয়টা জানান।  কী কারণে ঘটল এই  বিভ্রাট? সুত্রের খবর, বহু ইউজার একই সঙ্গে টিকিট কাটতে চেষ্টা করায় ওয়েবসাইটটি সম্ভবত ক্র্য়াশ করে গিয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল এনেছে রেল। সকাল ১০ টা থেকে প্রতিদিন তৎকাল টিকিট কাটা যায়। এসি টিকিটের জন্য সময় ১০ টা থেকে ১১ টা এবং নন এসি টিকিট বুকিং করা যায়, ১১ টা থেকে। নতুন এই  নিয়মে এজেন্টরা প্রথম তিরিশ মিনিট বুকিং করতে পারেন না।  এসির টিকিট বুকিং করতে এজেন্টদের অপেক্ষা করতে হয় ১০.৩০ পর্যন্ত। নন এসির ক্ষেত্রে সময়টা  আরও একটু পিছিয়ে সকাল ১১.৩০ মিনিট করা হয়েছে। ফলে গোটা সময়টাই  ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ থাকায় টিকিট কাটতে পারেননি কেউই। নাকাল হন যাত্রীরা।