কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আবার রাজ্যের প্রশাসনিক দায়িত্বে ফিরলেন। দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন শোভন। শুক্রবার তাঁকে নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ অর্থাৎ NKDA-র চেয়ারম্যান করা হল। এতদিন NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত হিডকোর চেয়ারম্যানকেই এই দায়িত্ব সামলাতে হতো। এই প্রথম নিউটাউন এর এনকেডিএ-র চেয়ারম্যান আলাদাভাবে নিযুক্ত করা হল। সেই পদেই এলেন শোভন চট্টোপাধ্যায়।
বর্তমানে হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এনকেডিএর দায়িত্ব এতদিন সামাল দিচ্ছিলেন আমলারাই। সেই কারণে পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণে বাড়তি সময় লেগে যেত। নিউটাউনের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে শহর হিসেবে গুরুত্বও বাড়ছে। আগামী দিনে কলকাতা হাই কোর্ট থেকে শুরু করে সরকারি অতি গুরুত্বপূর্ণ সকল স্তরের অফিসগুলিকে ধীরে ধীরে স্থানান্তর করা হচ্ছে। তার সঙ্গেই রাজ্যের সর্ববৃহৎ আইটি সেক্টর এবং ফিনটেক হাব তৈরি হয়েছে এই নিউটাউনের বুকেই। নিত্যদিন নিউটাউনে লক্ষ মানুষের আনাগোনা। অত্যাধুনিক পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্যকে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। তাছাড়া এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, পুর পরিষেবা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত এনকেডিএ-র চেয়ারম্যানের জন্য আলাদাভাবে নতুন মুখ বেছে নিতে হবে। অতীতে কলকাতার মেয়র থাকাকালীন নিজেকে প্রমাণ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাঁকে নিউটাউনবাসীর পুর পরিষেবা দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হল।





