Header AD
Trending

রাজ্যের তরফে মোবাইল কেনার টাকা পেলেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো স্মার্ট ফোন কেনার টাকা পেলেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা। এই বিষয় নিয়ে আগেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মাফিকই অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল মোবাইল ফোন কেনার জন্য টাকা । তার সঙ্গে চিঠি দিয়ে  শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী।

১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে মোবাইল ফোন কেনার জন্য। এবার থেকে সরকারি কাজের ক্ষেত্রে আর  ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হবে না অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের । শুক্রবার মধ্য কলকাতার এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে একথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুষ্ঠু ভাবে কাজ’ ও ‘উন্নততর পরিষেবা’র জন্যই এই ‘সহায়তা’। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছার চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি।’ এর পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি।’ রাজ্যের দাবি, ‘শিশু ও মাতৃকল্যাণ’-এর কাজে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ‘নতুন উদ্দীপনা’ জোগাবে।

উল্লেখ্য, বিগত ফেব্রুয়ারি মাস নাগাদ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, প্রায় ৭০ হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে । এই টাকায় তাঁরা কিনতে পারবেন স্মার্ট ফোন । এবার সেই টাকাই ঢুকল অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।