ইয়েমেনের উপকূলে জ্বলন্ত জাহাজ থেকে উদ্ধার করা হল ২৩ জন ভারতীয় নৌকর্মীকে। জ্বলন্ত জাহাজ থেকে উদ্ধার করলেন জিবুটির উপকূলরক্ষী বাহিনী। পূর্ব আফ্রিকার ডিজিবোটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ক্যামেরুনের পতাকাবাহি পণ্যবাহী ওই জাহাজটি। জাহাজটিতে ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ (lpg) বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎই মাঝ সমুদ্রে একটি বিস্ফোরণে জাহাজটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে জিবুটির উপকূল রক্ষাবাহিনী গিয়ে ২৩ জন ভারতীয় কর্মী সহ ২৪ জনকে উদ্ধার করে।
ইয়েমেনের বন্দর শহর এডিনের দক্ষিণ-পূর্ব উপকূল সংলগ্ন এলাকা দিয়ে ডিজিবোটির উদ্দেশ্যে যাচ্ছিল ‘ এম ভি ফ্যালকন ‘ জাহাজটি। সূত্রের খবর, মাঝেমধ্যেই লোহিত সাগর এবং এডেন উপসাগরে অসামরিক জাহাজের সুরক্ষা এবং উদ্ধারের জন্য এক বিশেষ অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী। তবে কীভাবে ওই জাহাজটিতে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
উপকূলরক্ষী বাহিনীর বিবৃতি অনুযায়ী, “এমভি ফ্যালকন” জাহাজটিতে মোট ২৬ জন কর্মী ছিলেন। উদ্ধার করা হয়েছে ২৪ জনকে। তাঁদের মধ্যে ২৩ জন ভারতীয় ও একজন ইউক্রেনের নাগরিক। উদ্ধার করে তাঁদেরকে জিবুটি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। দুজন এখনও নিখোঁজ।





