Header AD

একটানা বৃষ্টিতে বানভাসি তামিলনাড়ু, বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি

উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার জেরেই হচ্ছে এই বৃষ্টি। পাশাপাশি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নিয়ে আগাম সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণী রাজ্যে। তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দল এবং মজুত রাখা হয়েছে ত্রাণসামগ্রী। এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সর্তকতামূলক ব্যবস্থার পর্যালোচনা করছেন। রবিবার রাত থেকে একটানা বৃষ্টি চলছে তামিলনাড়ুতে। তার প্রভাবে মেদাভক্কম,ভেলাচেরি, পাল্লিকারানাইয়ের মতো একাধিক এলাকা প্লাবিত। মৌসম ভবন সূত্রে খবর, বুধবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। ফলে আশঙ্কা করা হচ্ছে তামিলনাড়ুর বেশ কয়েকটি জায়গা প্লাবিত হওয়ার ।

তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু, মালিয়াদুথুরাই, ভিল্লুপুরম, কাড্ডালোর – এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উপকূলবর্তী আট জেলায় জারি হয়েছে লাল সর্তকতা।
এর পাশাপাশি যেসব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেখানকার স্কুল কলেজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগের মুখে তামিলনাড়ু ছাড়াও প্রতিবেশী রাজ্য পুদুচেরি । সর্তকতা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির। এর জেরে বুধবার পুদুচেরির স্কুল কলেজ বন্ধ রয়েছে।

চেন্নাই এর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর বি আমুধা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ চেন্নাই উপকূল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার দুপুর নাগাদ এটি শক্তি সঞ্চয় করে এগিয়ে আসতে পারে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধপ্রদেশের উপকূলে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা স্পষ্ট করে এখনই বলা সম্ভব নয়। বঙ্গোপসাগর ছাড়াও দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে আরও একটি গভীর নিম্নচাপ। এখনও তীব্রতা কমেনি তার। ফলে কিছুটা আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।