Header AD
Trending

ভাইফোঁটার সকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে বিধ্বংসী আগুন

বৃহস্পতিবার, ভাইফোঁটার সকালে আমর্হাস্ট স্ট্রিটের একটি প্রিন্টিং প্রেসে (Printing Press) ভয়াবহ আগুন লাগে। প্রথমে স্থানীয়রাই ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে এবং পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন (Fire) কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর।

দমকল সূত্রে খবর, সাকশন মেশিন চালিয়ে ধোঁয়া বের করা হচ্ছে। তবে আগুনের উৎসস্থলে পর্যন্ত পৌঁছতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো সমস্যা হয় দমকল কর্মীদের। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে হঠাৎ এই আগুন লাগলো সেটাও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।

প্রিন্টিং প্রেসে (Printing Press) প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি গুরুতর হওয়ায় গ্যাসমাস্ক (Gas Mask) পড়ে ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।