Header AD
Trending

ভাইফোঁটায় বোনের সম্মান রক্ষার শপথ মেয়র ফিরহাদ হাকিমের

রাজ্যে নারী নির্যাতন নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে সরকার। তবে শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এই আবহে ভাইফোঁটায় নিজের প্রাণের বিনিময়ে বোনেদের সম্মান রক্ষার শপথ নিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রতি বছরের ন্যায় এবছরও চেতলা অগ্রণীতে ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেই বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা ভাইফোঁটা দেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ওই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোনেদের রক্ষার শপথ নেন মন্ত্রী।তিনি বলেন, “যাঁরা মেয়েদের অসম্মান করেন, তাঁরা মানুষ নন। তাঁদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে। একটা নারীর অসম্মান মানে গোটা মানবজাতির লজ্জা। আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘজীবন কামনা করছে, তেমনই আমাদেরও শপথ নিতে হবে-বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণও যায়, তবু লড়ব।” তিনি আরও বলেন, “মনে রাখতে হবে, প্রত্যেকের বাড়িতে মা, বোন আছে। যারা মেয়েদের সম্মান করে না, তারাই এই পশুবৃত্তি করে। এখন সময় এসেছে সমাজকে একসঙ্গে দাঁড়ানোর।”

এদিন ভাইফোঁটার অনুষ্ঠান প্রসঙ্গে ফিরহাদ বলেন, “ধর্মের উপরে সম্পর্ক। ভাইবোনের বন্ধন কোনও ধর্ম মানে না। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।”

প্রসঙ্গত, গত এক বছরে রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে- যার জেরে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। এমন নানা ঘটনার মাঝে মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।