মাত্র পঁচিশ বছর বয়সেই সব শেষ। ‘জামতারা’খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ের অস্বাভাবিক মৃত্যু। পুণের ফ্ল্যাট থেকে শচীনের ঝুলন্ত দেহ উদ্ধার করে তাঁর পরিবার। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে পুলিশ।
মারাঠি ও হিন্দি সিনেমা জগতের অভিনেতা ছিলেন শচীন চাঁদওয়াড়ে। ‘জামাতারা ২’ ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি । খুব অল্প বয়সেই মারাঠি বিনোদন দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করেছিলেন শচীন। অভিনয়ের পাশাপাশি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ছিলেন শচীন । পুণের একটি আইটি পার্কে কাজ করতেন। পরিবার বন্ধুদের কাছে হাসুখুশি মেজাজের বলেই পরিচিত ছিলেন অভিনেতা। তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নিতে হল শচীনকে? ভাবাচ্ছে তার অনুরাগী থেকে ঘনিষ্ঠদের।
জানা গিয়েছে, ২৩ অক্টোবর পুণের ফ্ল্যাট থেকে শচীন চাঁদওয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে তাঁর পরিবার। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি! শচীনের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় অন্য এক হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। ২৪ অক্টোবর দুপুর দেড়টা নাগাদ সেই হাসপাতালেই মৃত্যু হয় শচীনের।





