পুলিশের গুলিতে সৌদি আরবে মৃত্যু হল এক ভারতীয় যুবকের। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)। ঝাড়খণ্ডের গিরিডি জেলার দুধাপানিয়া গ্রামের বাসিন্দা বিজয়। পুলিশ এবং মাদক পাচারকারীদের মধ্যে গুলির লড়াইয়ের মাঝে ভুলবশত তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশের একটি গুলি তাঁর শরীর ফুরে বেরিয়ে যায়। নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই।
সূত্রের খবর, গত ন’মাস ধরে বিজয় সৌদিতে একটি নির্মাণ সংস্থায় কাজ করছিলেন। কিছুদিন আগে ওই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি একটি ‘ওয়ার্ক সাইট’-এ গিয়েছিলেন। পুলিশের সঙ্গে মাদক পাচারকারীদের গুলির লড়াই চলছিল সেখানেই। সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা। পুলিশের গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষ রক্ষা হয়নি। গত ২৪ অক্টোবর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসপাতাল থেকে বিজয় তাঁর স্ত্রীকে শেষবার্তা পাঠিয়েছিলেন। গোটা ঘটনাটি সেখানেই তিনি জানান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজয়ের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ডুমরির বিধায়ক জয়রাম কুমার মাহাতো। সৌদির ভারতীয় দূতাবাসকে ইতিমধ্যেই তিনি একটি চিঠিও পাঠিয়েছেন। জয়রাম সেখানে জানিয়েছেন, বিজয়ের মৃত্যুর ঘটনার যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তিনি, শীঘ্র ভারতে বিজয়ের দেহ ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন।





