Header AD
Trending

কলকাতায় শুটআউট! হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি, পলাতক দুষ্কৃতীরা

সোমবার সকালে খাস কলকাতায় শুটআউট! দক্ষিণ শহরতলির হরিদেবপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী দুই দুষ্কৃতী। পিঠে গুলি লাগে ওই মহিলার। প্রাথমিক অবস্থায় তাঁকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে এস এস কে এমে স্থানান্তরিত করা হয়। দুষ্কৃতীরা পলাতক। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। সাতসকালে এমন কাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে হরিদেবপুরের একটি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন মৌসুমী হালদার নামে পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। আচমকাই দুই দুষ্কৃতী পিছন থেকে বাইকে করে এসে মৌসুমীদেবীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৌসুমীদেবীর ছেলে ঘটনাস্থলের অদূরেই ছিলেন। তিনিই মাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।সূত্রের খবর, ঘটনা নিয়ে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দাদের সঙ্গেও কথা বলেছে হরিদেবপুর থানার পুলিশ।