মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা SIR। ইতিমধ্যেই বিএলও-রা (Block level Officer) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম যাচাই করে ফর্ম বিলির কাজ শুরু করেছেন। ঠিক তার আগেই মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশ, যতদিন এসআইআর চলবে, ততদিন সব মন্ত্রীকে নিজেদের জেলা ও বিধানসভা এলাকায় থাকতে হবে, এমনকি যোগ দিতে হবে না মন্ত্রীসভার বৈঠকেও।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভোটার তালিকা সংশোধনের সময় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে এবং কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, তার দিকে বিশেষ নজর রাখতে হবে। শহর কলকাতা থেকে দূরে থাকা মন্ত্রীদের মঙ্গলবারের আগে নিজেদের জেলায় পৌঁছে যাওয়ার নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এদিন বলেন, “SIR-এর নামে রাজ্যের মানুষকে ভয় দেখানো হচ্ছে।” তাঁর অভিযোগ, এসআইআর নিয়ে আতঙ্কে রাজ্যে গত কয়েক দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। অভিষেকের বক্তব্য, “এসআইআর করে নাম বাদ দিয়েও তৃণমূলের ভোট আরও বাড়বে। যারা বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।”





