Header AD

SIR আতঙ্ক কাটাতে রাজ্যজুড়ে জনসভা তৃণমূলের লিগাল সেলের

এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। SIR আতঙ্কে প্রাণহানির মতো ভয়ঙ্কর ঘটনাও প্রায় রোজই সামনে আসছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জোড়াসাঁকোর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল পাশে থাকবে। রাজ্যবাসীর যে কোনও সমস্যায় তাঁরা সহযোগিতা করবে। জানা যাচ্ছে সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে চলতি মাসে দশদিন রাজ্যজুড়ে জনসভা করবে তৃণমূলের লিগাল সেল। এক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হবে উত্তরবঙ্গ ও শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে।

জানা গিয়েছে, আগামী ১১ তারিখ কলকাতা থেকে শুরু হবে কর্মসূচি। ওইদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল হবে। তারপর দুপুর ৩ টেয় ডোরিনা ক্রসিংয়ে হবে জনসভা। সূত্র মারফত আরও জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের লিগাল সেল। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসভা করবে এই লিগাল সেল। বিজেপির SIR চক্রান্তকে প্রতিহত করতে জনসাধারণকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবে তারা।

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই এস আই আর প্রক্রিয়া চালু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলওরা। এই ফর্ম নিয়ে রাজ্যবাসীর মনে হাজারও প্রশ্নের ভিড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, একজনেরও নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে। তবে তাতেও আতঙ্কও রয়েছেই। সেই ভয় কাটাতেই তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে ময়দানে নামছে লিগাল সেল।