Header AD

কাঁকসায় যাত্রার সংলাপ বলতে বলতে মঞ্চেই মৃত্যু অভিনেতার

যাত্রার মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় তপোবন সিটিতে। মঞ্চে অভিনয় করছিলেন তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারের বাসিন্দা শুভাশিস ঠাকুর। হঠাৎই অভিনয়ের মাঝেই তিনি মঞ্চে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ।  মঞ্চেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬২ বছরের শুভাশিস।

স্থানীয় সূত্রে খবর, তপোবন সিটিতে সোমবার রাতে একটি যাত্রাপালা হচ্ছিল। যাত্রাটির নাম ‘সত্য ত্রেতা দ্বাপর কলি’। সেখানেই  পরশুরামের ভূমিকায় অভিনয় করছিলেন শুভাশিস। যাত্রার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, মঞ্চে হঠাৎই সংলাপ বলতে বলতে  পড়ে যান শিল্পী।মাঝপথেই বন্ধ হয়ে যায় যাত্রাপালা। দ্রুত সহ-শিল্পীরা বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যান। সেখানেই চিকিৎসক শুভাশিসকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শুভাশিসের মৃত্যু হয়েছে। যাত্রার পাশাপাশি তাঁর একটি মুদির দোকানও ছিল।এই ঘটনাকে কেন্দ্র করে  শোকস্তব্ধ  গোটা তপোবন সিটি।