ফের SIR-NRC আতঙ্কে রাজ্যে আত্মহত্যার ঘটনা! ভাঙরে বুধবার সকালে নিজের বাড়িতেই মিলেছে এক ব্যক্তির দেহ। মৃতের নাম সফিকুল গাজি। বিজেপির তৈরি করা ভয়ের পরিবেশ আর বিভাজনের রাজনীতির জঘন্য খেলায় প্রাণ গেল বাংলার আরও এক ব্যক্তির। মৃত ব্যক্তির স্ত্রীর দাবি, এনআরসি-এসআইআর আতঙ্কেই নাকি তাঁর স্বামী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, মৃত সফিকুল গাজি ভাঙড়ের কাশীপুর এলাকার জয়পুরের বাসিন্দা। SIR-এর প্রয়োজনীয় নথি খুঁজে না পেয়ে আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন সফিকুল। রাজ্যে এসআইআর (SIR in Bengal) চালু হওয়ার পর সেই ভয় আরও বাড়ে। ভিটেমাটি ছাড়তে হবে না তো? এনিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। দাবি, সেই আতঙ্কেই চরম সিদ্ধান্ত নিয়েছেন সফিকুল।
SIR নিয়ে বলতে গিয়ে কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল দেখা দিতে পারে আগামী দিনে। পরপর কয়েকটি ঘটনায় তাঁর সেই আশঙ্কাই কি বাস্তবায়িত হতে চলেছে?





