Header AD

SIR-আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! বিধানসভার আগামী অধিবেশনে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR চালু করেছে নির্বাচন কমিশন। SIR ঘোষণা হওয়ার পর থেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। SIR-এর বিরুদ্ধে অভিযোগের তির তৃণমূলের। এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল। গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করলেও, শাসকদল তৃণমূলের অভিযোগ কেন্দ্রের শাসকদলকে খুশি করতেই এই প্রক্রিয়া শুরু করেছে কমিশন।

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই শীতকালীন অধিবেশনই হতে চলেছে চলতি বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। কারণ, আগামী বছর ভোটের আগে ফেব্রুয়ারি মাসে অন্তবর্তীকালীন বাজেট হবে। তাই সে দিক থেকে এ বছর শীতকালীন অধিবেশনের গুরুত্ব অপরিসীম। এই অধিবেশনকে হাতিয়ার করেই এসআইআর ইস্যুতে কেন্দ্রের শাসকদল বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে চায় তৃণমূল পরিষয়ীদ দল। নভেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহে শুরু হতে পারে বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানে এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব এনে রাজ্যের ভোটারদের ইতিবাচক বার্তা দিতে চাইছে তৃণমূল পরিষদীয় দল।

প্রসঙ্গত, মঙ্গলবারই এসআইআরের বিরুদ্ধে কলকাতার রেড রোড থেকে জোঁড়াসাকো পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই এই প্রস্তাব আনার বিষয়ে ভাবনার রশদ পেয়েছে তৃণমূল পরিষদীয় দল। তবে এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু জানাতে নারাজ শাসকদলের পরিষদীয় দলের সদস্যরা।