বিমান যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে বিমানের টিকিট বাতিল করলে আর লাগবে না বাড়তি ফি! অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (ডিজিসিএ) বিমানের টিকিট বাতিল প্রক্রিয়ায় বদল আনার প্রস্তাব করেছে।
এই নিয়ে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (DGCA) ইতিমধ্যেই একটি খসড়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে বিনামূল্যে যাত্রীরা টিকিট বাতিল অথবা সংশোধন করতে পারবেন। তবে সময়সীমা পেরিয়ে গেলে যাত্রীদের অতিরিক্ত ফি দিতে হবে। উল্লেখ্য, বিমান পরবর্তনের ক্ষেত্রে যদি পরিবর্তিত বিমানের ভাড়া বেশি হয়, তবে শুধুমাত্র ভাড়ার পার্থক্যটাই যাত্রীদের দিতে হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কোনও যাত্রী যদি অনলাইন পোর্টালের মাধ্যমে বা ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটেন,সেক্ষেত্রে রিফান্ড করার দায়িত্ব বিমান সংস্থাগুলির উপরেই বর্তাবে। কারণ, এজেন্টরা তাদের প্রতিনিধি।
এছাড়াও, বিমানসংস্থাগুলিকে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২১ দিনের মধ্যে ।
উল্লেখ্য,বিমানের টিকিট বাতিলের ক্ষেত্রে বিমান সংস্থাগুলি যাত্রীদের কাছ থেকে প্রচুর ফি আদায় করে, এই মর্মে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। সূত্রের খবর, এবার যাত্রীদের স্বার্থ রক্ষার্থে, এজেন্ট ও যাত্রী দুই পক্ষেরই ভারসাম্য বজায় রাখতে ও স্বচ্ছতা বাড়াতে ডিজিসিএ এই নতুন নিয়ম আনার প্রস্তাব করেছে।





