Header AD

বৃহস্পতিবার থেকেই অনলাইনে পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম – অ্যাপ ও ওয়েবসাইটের খবর দিল কমিশন

আজ, বৃহস্পতিবার থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম দেওয়া চালু করল নির্বাচন কমিশন (Election Commission)! কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে সেটি। এছাড়াও, কমিশনের অ্যাপ ইসিআইনেট (ecinet) থেকেও অনলাইনে ফর্ম পাওয়া যাবে। নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর।

সংবাদসংস্থা সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট বা অ্যাপে মিলবে এনুমারেশন ফর্ম। সেটি ডাউনলোড করে ফিল আপের পর ফের ওয়েবসাইটেই আপলোড করতে হবে। সেই ব্যবস্থা থাকবে ওয়েবসাইট বা অ্যাপে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, যে সমস্ত ভোটার কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ি থেকে দূরে রয়েছেন এবং বিএলও-র থেকে এনুমারেশন ফর্মটি নিতে পারছেন না কেবল তাঁরাই অনলাইনে ফর্ম পূরণ করে জমা দেবেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন হল রাজ্যে চালু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের (SIR) প্রক্রিয়া। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন বিএলওরা। বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে, এই কাজ করা যাবে অনলাইনেও। পরিযায়ী ও বিদেশে বসবাসকারী নাগরিকদের জন্য এই সুবিধা চালু হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল মঙ্গলবার ৪ নম্ভেবর অর্থাৎ এনুমারেশন ফর্ম বণ্টনের প্রথম দিন থেকে অনলাইন পরিষেবা চালু হয়নি। প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করে কমিশন। বৃহস্পতিবার সকাল থেকে অবশ্য অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাওয়ার কথা জানিয়েছে কমিশন।