প্রতিবছরের মতোই জন্মদিনের বিকেলে চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শুক্রবার বিকেল চারটে নাগাদ কালীঘাটে তাঁর বাড়ির সামনে দলীয় নেতা -কর্মী- সমর্থকদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কালীঘাটের কার্যালয়ের বাইরে অভিষেককে শুভেচ্ছা জানাতে কার্যত জনসমুদ্রের সৃষ্টি হয় । এরপর বাড়ি থেকে বেরিয়ে অপেক্ষারত জনসমুদ্রে মিশে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সকলের সঙ্গে কথা বলে অভিবাদন জানালেন। কাটলেন একের পর এক কেকও। প্রিয় নেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে তৈরি হল ২০ হাজার স্কোয়্যার ফিটের থ্রিডি রঙ্গোলি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে বরাবরই তৃণমূল কর্মীদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। প্রতিবার বিকেলে পথে নেমে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এবছর তার অন্যথা হল না। প্রিয়নেতার জন্মদিনে বিশেষ আয়োজন করেছে যুব তৃণমূল। জগদ্দল যুব তৃণমূলের তরফে তৈরি হয়েছে ২০ হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি রঙ্গোলি। বিরাট এই রঙ্গোলি বিশ্বরেকর্ড গড়ার পথে। এতদিন পর্যন্ত দেশের সব থেকে বড় রঙ্গোলি ছিল ১৮ হাজার স্কোয়ার ফিটের। যা তৈরি হয়েছিল মধ্যপ্রদেশে। সেটি স্থান করে নিয়েছিল গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সেটিকে ছাপিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৈরি ২০ হাজার স্কোয়ার ফিটের এই রঙ্গোলি। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই রঙ্গোলির তথ্য পাঠানো হয়েছে লিমকা বুক অব রেকর্ডস ও গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।





