Header AD

SIR-এর প্রতিবাদে ঠাকুরবাড়িতে অনশনে বসেছেন মতুয়ারা,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল

মতুয়া গড়ে SIR আতঙ্ক!নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মতুয়ারা।তারই প্রতিবাদে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরবাড়িতে অনশনে বসেছেন মতুয়ারা। এই পরিস্থিতিতে মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পৌঁছলেন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। রবিবার বিকেলে তৃণমূলের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে পৌঁছলেন শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী এবং তন্ময় ঘোষরা। অনশনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

মতুয়াদের আশঙ্কা এসআইআরের ফলে তাঁদের অনেকের নামই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। সে কারণেই তাঁরা প্রথম থেকে এসআইআরের বিরোধিতায় সরব। বিজেপি প্রথম থেকেই SIR-এর পক্ষে। তবে এসআইআর নিয়ে খোদ মতুয়াদের সংঘাধিপতি শান্তনু ঠাকুরও আতঙ্কে। এসআইআরের ফলে কারও নাম বাদ গেলে প্রয়োজনে CAA করে নাগরিকত্ব দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। তবে সেই আশ্বাসে কাজ হয়নি। পরিবর্তে দিন যত গড়াচ্ছে, এসআইআর নিয়ে আতঙ্ক যেন মতুয়াদের মধ্যে ক্রমেই বাড়ছে। তার ফলে এখনও অনশনে শামিল মতুয়ারা। গত বারোদিন ধরে ঠাকুরবাড়িতেই চলছে অনশন। অনশন মঞ্চে রয়েছেন তৃণমূলের সাংসদ মমতাবালা ঠাকুরও। ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।

উল্লেখ্য, রাজনৈতিক মহলের মতে, মতুয়াদের এসআইআর নিয়ে শাসক, বিরোধীর মধ্যে চলছে দড়ি টানাটানি। ইতিমধ্যে সিপিএম, কংগ্রেস প্রতিনিধিদের দেখাও মিলেছে ঠাকুরবাড়িতে। আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় ও অভিষেক বন্দ্যোপাধ‌্যায়, দু’জনেই পৃথকভাবে জানিয়ে দিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে আন্দোলন হবে। দিল্লিতে ১ লক্ষ মানুষকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।