Header AD

নারায়ণপুরে গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে ভারতীয় মুদ্রা, তদন্তে এসটিএফ ও পুলিশ

রাজারহাটের নারায়ণপুর থানার বারোমাথা মোড় থেকে উদ্ধার বিপুল পরিমাণের ভারতীয় মুদ্রা। গত রবিবার, ১৬ নভেম্বর গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও নারায়ণপুর থানার পুলিশের যৌথ অভিযানে বারোমাথা মোড় এলাকায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার হয়। এই তল্লাশি অভিযানে মোট পাঁচ কোটি টাকা নগদ উদ্ধার করে পুলিশ। ঘটনায় একটি সাদা রঙের মাহিন্দ্রা স্করপিও গাড়ি আটক করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে স্করপিও গাড়িটিকে আটকানো হয়। গাড়িটি বীরভূম দিক থেকে আসছিল। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর জিপ লাগানো একাধিক ব্যাগে রাখা বিশাল অঙ্কের টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি- আক্রম খান বয়স ৩৫বছর এবং ৩১ বছরের ইমরান খান । জানা যায় দু’জনই বীরভূমের বাসিন্দা।

উদ্ধার হওয়া টাকার বৈধ উৎস বা কোনও প্রমাণপত্র তারা দেখাতে পারেনি। ফলে গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় নারায়ণপুর থানায় মামলা রুজু হয়েছে। পাশাপশি তদন্তভার গ্রহণ করেছে এসটিএফ পশ্চিমবঙ্গ।